Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আর যারা ঢুকেছেন তাদের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণবিষয়ক ‘সার্বিয়া: শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ড. মোমেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর ধরে শূন্য রেখায় কিছু রোহিঙ্গা ছিলো। এরা মাদকবিক্রেতার সঙ্গে জড়িত ছিলো। তবে এখন রাখাইনে দুই পক্ষ যুদ্ধ করছে। তারাই এসব রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর এর মধ্যে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে পড়েছে। তবে আমরা আর কোনো রোহিঙ্গাকে নেব না। তবে ভালো খবর হলো এই, সেখানে (শূন্য রেখায়) আর কোনো রোহিঙ্গা নেই। তবে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়।

তিনি বলেন, সেখানের কিছু লোক ঢুকে গেছেন। কী করবেন। সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকেছেন তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। আবার এদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ডও রয়েছে।

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

বিনিয়োগবার্ত/এমআর//