
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সব আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। তবে বাজেট সংকটের কারণে থাকছে না সিসি ক্যামেরা।
আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এ ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন, লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন এবং দফাদার/মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষে দুজন মোতায়েন রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//