Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পর্দা নামলো ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারের মেলায় দর্শনার্থী এসেছে প্রায় ৩৫ লাখ। মেলায় প্রায় ১০০ কোটি টাকা মূল্যের পণ্য বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৬০ কোটি টাকা বেশি। মেলায় দেশি পণ্যের ক্রয়াদেশ মিলেছে ৩০০ কোটি টাকার। আগের বছর যা ছিল প্রায় ১৩৮ কোটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক প্রচার ও প্রসারের লক্ষ্যে যে মেলার আয়োজন সেই রপ্তানি লক্ষমাত্রা অর্জনে সফলতা এসেছে এবছরও। তার প্রমান মেলে সমাপনী দিনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেয়া তথ্যে। এক মাসের মেলায় দেশি পণ্যের ক্রয়াদেশ মিলেছে ৩০০ কোটি টাকা। আগের বছর যা ছিল প্রায় ১৩৮ কোটি। ৬৭ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষমাত্রা অর্জনে যা সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা একসময় পূর্বাচলে বাণিজ্য মেলা পরিচালনা করা নিয়ে খুবই শঙ্কিত ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় তার আদেশে আমরা ঢাকার অদূরে মেলাটি পরিচালনা করেছি। আপনারা দেখতেই পারছেন দেশি বিদেশি কি পরিমাণ স্টল ও কেনাবেচা হয়েছে। এসব উন্নয়নের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের এই অর্জন কেউ ঠেকাতে পারবে না।

মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে। প্রথম পুরস্কার হিসেবে বিভিন্ন ক্যাটাগরির ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে গোল্ড কালার ট্রফি দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার হিসেবে সিলভার কালার ট্রফি দেওয়া হবে প্রদান করা হবে বিভিন্ন ক্যাটাগরির ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে। তৃতীয় পুরস্কার হিসেবে ব্রোঞ্জ কালার ট্রফি দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরির ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএএম//