Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 11:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সংঘবিধির ৮(ক) (খ) (গ) (ঘ), ১৪(ক) (খ), ২০ এবং ২১(১)(২) অনুচ্ছেদ পরিবর্তন করা হয়েছে।

রোববার অনুষ্ঠিত সংগঠনটির অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

সংঘবিধির এ পরিবর্তনের ফলে, নতুন আইন অনুযায়ী অ্যাসোসিয়েশনে বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা প্রতিনিধিত্ব করতে পারবেন। তবে মুখ্য নির্বাহী কর্মকর্তার নিম্নপদের কোনো ব্যক্তি অ্যাসোসিয়েশনে প্রতিনিধিত্ব করতে পারবেন না।

এছাড়া ১৫ জন নির্বাহী কমিটির সদস্যের পরিবর্তে এখন থেকে ২০ জন কার্যনির্বাহী সদস্য থাকবেন। পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতির স্থলে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং সহ-সভাপতির পদ চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ইজিএম পরিচালনা করেন। এতে বিআইএর কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ বিভিন্ন বীমা কোম্পানি চেয়ারম্যান, পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন বিআইএর ভাইস-প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, পূরবী জেনারেল ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, বেস্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল হাফিজ মৌল্লিক (অব), সোনালী লাইফের ভাইস-চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া প্রমুখ।

 

(ইউএম/এসএএম/৫ই মার্চ ২০১৭)