
নিজস্ব প্রতিবেদক: ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, ২০২১ সালের ১০ ডিসেম্বর ভ্রান্ত তথ্য, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ২০২১ সালের ডিসেম্বরের পরে আমরা যোগাযোগ করেছি। গত এক বছরে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে অন্তত ১৫-২০টি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।
শাহরিয়ার আলম বলেন, বিএনপি ভেবেছিল ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। তাদের সেই পরিকল্পনা মাঠে মারা গেছে। আমরা জনগণের কাছে থাকি। আমরা জানি আমাদের শক্তি কোথায়। সেই সঙ্গে আমাদের সীমাবদ্ধতাও জানি। এ বিষয়গুলো নিয়ে যার যার আগ্রহ আছে, তাদের আমরা গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি।
এ সময় একটি চিঠি দেখিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২০ সালের ১৮ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন। কাল হয়ত তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে বলবে এই চিঠি সত্য নয়।
ওই চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব বলে উল্লেখ করেছেন বলে দাবি শাহরিয়ার আলমের।
তিনি বলেন, জাপানের এখানে একজন প্রতিনিধি আছে, রাষ্ট্রদূত আছে। তারা ভালোমতোই জানে বাংলাদেশে সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি নয়।
বিনিয়োগবার্তা/এমআর//