
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার পথে সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি চ্যালেঞ্জও রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগাতে হলে চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত হতে হবে।
আমাদের শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা অর্জন করে দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, নতুন কারিকুলাম সেভাবেই রূপান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) যশোরে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই পথেই এগিয়ে চলেছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ, টেকসই ও স্মার্ট বাংলাদেশ গড়া।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা পাঠ্যবই নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়। এসব মিথ্যাচারীদের প্রশ্রয় দেওয়া হবে না। যারা মিথ্যাচার করছে তাদের ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে।
ডা. দীপু মনি বলেন, নতুন কারিকুলামের পাঠ্যবইয়ের ভুলগুলো সংশোধনের জন্য দুটি কমিটি করে দিয়েছি। ভুল চিহ্নিত হলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। এরই মধ্যে যেসব জায়গায় ভুল পাওয়া গেছে, সেগুলো দায়িত্বশীলদের দিয়ে সংশোধন করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//