
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের জন্য তিতুমীর কলেজ আইটি সোসাইটির পৃষ্ঠপোষকতায় টেক ম্যানিয়া-১.০ এক বিশেষ টেক ফেস্ট আয়োজন করা হয়েছে। আগামী ৫ মার্চ (রবিবার) সকাল ৯টায় সরকারি তিতুমীর কলেজের শহিদ বরকত মিলনায়তনে এই টেক ফেস্টটি শুরু হবে।
টেক ম্যানিয়া-১.০ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব অনুসারে নিজেকে দক্ষ করে, সে অনুযায়ী ক্যারিয়ার গড়ে তোলা।
টেক ম্যানিয়ার সারাদিন ব্যাপী প্রোগ্রামে থাকবে চারটি পার্ট। শুরুতেই থাকবে টেক-কম্পিটিশন, যা এই প্রোগ্রামের মূল কেন্দ্র। গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন এই দুইটি আইটি দক্ষতার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইটি প্রতিযোগিতায় আলাদা ভাবে চ্যাম্পিয়ন এবং রানার আপ ঘোষণা করা হবে এবং তাদের জন্য থাকবে নগদ অর্থসহ বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
টেক ম্যানিয়া-১.০ এর বিশেষ আকর্ষণ নলেজ শেয়ারিং সেমিনার। অনুষ্ঠানের এই ধাপে আমন্ত্রিত দেশসেরা সম্মানিত অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আইটি এবং ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, যা থেকে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সঠিক ধারনা নিতে পারবে।
এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ওপেন ইন্টারনেট পরীক্ষার ন্যায় এক মেগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে সবাইকে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা দেওয়া হবে এবং সেই সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
এ বিষয়ে তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি ও টেক ম্যানিয়া ইভেন্টের আহ্বায়ক আরিফ হোসাইন রাজন বলেন, টেক ম্যানিয়া-১.০ তে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য এক অন্যরকম আয়োজন কালচারাল নাইট। শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর একটি সময় উপহার দেওয়ার প্রচেষ্টায় আমারা এই আয়োজন করতে যাচ্ছি।
বিনিয়োগবার্ত/এমআর//