Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকা অনেক। সফলভাবে ট্যাক্স ও ভ্যাট সংগ্রহ করার কারণেই সরকার রাজস্ব আদায়ে সফলতা পেয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে রাজস্ব আদায় আরও বাড়াতে হবে এনবিআরকে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ‘জাতীয় উন্নয়নে ভ্যাটের ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ‘ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (ভাট অনুবিভাগ) সৈয়দ মুশফিকুর রহমান ও কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অব.) সৈয়দ গোলাম কিবরিয়া।

বাণিজ্যমন্ত্রী বলেন, সক্ষমতা থাকায় বিশ্বকে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে বাংলাদেশ। এতে দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। দেশের অর্থনীতি এখন অনেক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০২৬ সালে তা কার্যকর হবে।

বাংলাদেশ পরিকল্পনা করেছে, ২০৩০ সালে সফলভাবে এসডিজি অর্জন করে ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সর্বোপরি ২১০০ সালে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ভ্যাট ও ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগাতে হবে বেশি করে। দেশের বাণিজ্য উন্নয়নে সহায়তা করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় থাকতে হবে। ট্যাক্স আদায়ের পরিধি বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন। পেশাদারিত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনবিআরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এতে রাজস্ব আদায় বাড়বে কয়েক গুণ। একই সঙ্গে দেশের সক্ষমতা বাড়বে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সক্ষতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রায় ৮৫ ভাগ রাজস্ব আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড। তাই, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের দায়িত্বও বেশি। ভ্যাট ও আয়কর আদায়ের ক্ষেত্রে সিস্টেম লস কমাতে হবে। এ ক্ষেত্রে স্মার্ট কর প্রশাসন নিশ্চিত করতে হবে।

বিনিয়োগবার্ত/এমআর//