
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং চলমান অন্যান্য প্রকল্পসমূহ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রবিবার (৫ ফেব্রূয়ারি) একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মোঃ আবু জাহির, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং বাস্তবায়ন অগ্রগতি; বিআরটিসির বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন এবং পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজে সন্তোষ প্রকাশ করা হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সমাপ্তকরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন এবং এ এস এম শাহরিয়ার চৌধুরী’র অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক একটি রিপোর্ট প্রদানের জন্য কমিটির সদস্য মোঃ আবু জাহিরকে আহবায়ক এবং এনামুল হক ও মোঃ ছলিম উদ্দীন তরফদারকে সদস্য করে একটি সংসদীয় কমিটি গঠন করা হয় এবং কমিটি কর্তৃক আগামী সভায় একটি তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্ত/এমআর/এসএএম//