Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। সেই হিসেবে পাসের হার কমল ৯ দশমিক ৩১ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে এইচএসসির ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা।

সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এই পাবলিক পরীক্ষা ২০২২ সালের ৬ নভেম্বর শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারও এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হয়।

যেভাবে জানা যাবে ফল

ফলপ্রত্যাশী শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফল। এছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে ফলের শিট ডাউনলোডও করা যাবে।

এছাড়া, কোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে।

বিনিয়োগবার্তা/এমআর//