
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিরি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, ভারত ম্যান-মেড ফাইবার-ভিত্তিক কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের একটি বড় উৎস। পাশাপাশি ভারত বাংলাদেশের পোশাক রপ্তানির একটি সম্ভাবনাময় বাজার।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। আর একে অপরকে সহযোগিতার মাধ্যমে দুই দেশই দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা পেতে পারে।
রোববার (১২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান বাণিজ্য পরিস্থিতি এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রোববার বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াদিল্লিতে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমই’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান শোভন ইসলাম এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
বিজিএমইএ এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি যৌথভাবে ভারতে ৯-১২ ফেব্রুয়ারি আয়োজিত সোর্সিং মিট এবং রোডশোতে অংশ নিতে প্রতিনিধিদলটি ভারত সফর করেন।
বিজিএমইএ সভাপতি বাংলাদেশ ও ভারতের মধ্যে অশুল্ক বাধা অপসারণে বাংলাদেশ হাইকমিশনের সহায়তা কামনা করেন, যাতে করে দুই দেশের মধ্যে বাণিজ্যের পথ আরও প্রশস্ত ও সুগম হয়। রপ্তানি-আমদানি প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি স্থলবন্দরের সমস্যা সমাধানে হাইকমিশনের সহযোগিতা কামনা করেন।
ফারুক হাসান ভারতীয় ব্যবসায়ীদের জন্য কনস্যুলার পরিষেবা সহজ এবং দীর্ঘমেয়াদি ভিসা সহজতর করার জন্য হাইকমিশনের প্রতি আহ্বান জানান।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//