Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পাকিস্তান। তবে এ সংকট শুধু অর্থনীতিতে আটকে নেই। পাকিস্তানে বুধবার রাতে বৃদ্ধি করা হয়েছে পেট্রোল ও গ্যাসের দাম। আর নতুন করে মূল্য বৃদ্ধির পর দেশটিতে আকাশ ছুঁয়েছে অতি প্রয়োজনীয় এসব জ্বালানির দাম। 

বৃহস্পতিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের অর্থ বিভাগ জানিয়েছে, নতুন করে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ২২ দশমিক ২০ রুপি। এতে এ জ্বালানির নতুন দাম দাঁড়িয়েছে ২৭২ রুপি।

হাই-স্পিড ডিজেলের দাম ১৭ দশমিক ২০ রুপি বাড়িয়ে ২৮০ রুপি করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১২ দশমিক ৯০ রুপি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০২ দশমিক ৭৩ রুপি। অপরদিকে লাইট ডিজেলের দাম ৯ দশমিক ৬৮ রুপি বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ রুপিতে।

অর্থ বিভাগ অবশ্য দাবি করেছে, মার্কিন ডলারের বিপরীতে রুপির অস্বাভাবিক দরপতনের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। তবে এ মূল্য বৃদ্ধির কারণে পাকিস্তানে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ১৭০ বিলিয়ন রুপি কর আদায়ে যে ‘মিনি বাজেট’ ঘোষণা করা হয়েছে সেটিরও বিরূপ প্রভাব পড়বে।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানাচ্ছে, এমনিতেই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্প্রতি বেড়েছে এবং সরকারের সিদ্ধান্তের ফলে তা আরো বাড়বে। তার উপর বাণিজ্যিক ব্যাংকগুলি এখনো ভোজ্য তেল আমদানি করার জন্য লেটার অফ ক্রেডিট(এলসি) দিচ্ছে না। এলসি পেলে তেল আনতে ৪৫ থেকে ৬০ দিন লাগে। ফলে রমজানের সময় ঘি ও ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব নাও হতে পারে।

বুধবার মিনি বাজেটে ভোজ্য তেল, বিস্কিট, জ্যাম, জেলি, চকোলেট, প্রসাধনী, কফি, ক্রিম, শ্যাম্পু, নুডলস, খেলনা, হেয়ার জেল, হেয়ার রিমুভিং ক্রিম, শেভিং জেল, ক্রিম, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক পণ্যসহ একগুচ্ছ জিনিসের উপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে এই সব জিনিসের দাম বাড়বে। তার উপর পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ানোয় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে।

অর্থনৈতিক বিপর্যস্ত পাকিস্তান দুরাবস্থা কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে। তবে আইএমএফ শর্ত দিয়েছে, ঋণ পেতে হলে বৃদ্ধি করতে হবে জ্বালানির দাম। আর এরই পরিপেক্ষিতে নতুন করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাহবাজ সরকারের। সূত্র: জিও, ডয়েচে ভেলে

বিনিয়োগবার্তা/ডিএফই//