
নিজস্ব প্রতিবেদক: ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে সোমবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এদিন সারা দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ কোটি ২০ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে। এ উপলক্ষে বড় প্রস্তুতি নেয়া হয়েছে। ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এছাড়া স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের ৪০ হাজার লোক কাজ করবে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি কর্পোরেশন ও মাঠ পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ অন্ধত্ব, মৃত্যুহার হ্রাস করে শিশুদের সুরক্ষিত রাখে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিত বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে ভিটামিন ‘এ’র অভাবজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশ কমেছে।
বিনিয়োগবার্তা/এমআর//