
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ তৈরি করেছে। প্রত্যন্ত এলাকা থেকেও নারীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশীয় উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।’
স্পিকারের সঙ্গে গতকাল তার কার্যালয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টরস প্রোগ্রাম ডেভিড নক্স ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারপারসন সারা যাকের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল (ওয়াও ফেস্টিভ্যাল), নারী উন্নয়ন ও লিঙ্গবৈষম্য নিরসন, বাংলাদেশের নারী নেতৃত্ব এবং নারী নেতৃত্বের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার ছেলে ও মেয়ে উভয় সন্তানের ক্ষেত্রে পারিবারিক সব সুযোগ সমভাবে প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এ সময় এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//