
নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেশে রাজনীতি করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না। নির্বাচনের কোনো বিকল্প নেই। সংবিধানের বাইরে কারো কিছু করার সুযোগ নেই। সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয়, আমরা স্যালুট দিয়ে চলে যাবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ দেখিয়েছে জাপান। এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে জাপানে প্রচুর আম রফতানি করা সম্ভব।
বিনিয়োগবার্তা/এমআর//