Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নওগা প্রতিনিধি: চাল আমদানি কমানোর ইঙ্গিত দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষককে ন্যায্যমূল্য দিতে হবে।

শনিবার (২ মার্চ) সকাল ১০টায় নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশে চালের অভাব নেই দাবি করে মন্ত্রী বলেন, দেশে চালের অনেক মজুত আছে। আমনে ভালো ধান পাওয়া গেছে। বোরো ধানেরও চাষ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এক ব্যক্তি বার বার ওএমএসের চাল-ডাল নেন। সেই চাল-ডাল আবার বিক্রিও করে দেন। আবার অনেকে পায়ও না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। সপ্তাহে একবার ওএমএস চাল-ডাল কেনা যাবে।

কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে খোলা বাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির নির্দেশনা দিয়েছেন। শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিক্রি শুরু হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//