
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে নির্বাচন কমিশন ‘মুরব্বিয়ানা’ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি, আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, সেটা নিরসনের চেষ্টা করুন। কারণ নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারবে না।’
বৃহস্পতিবার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ভোটার দিবসের শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।
নিজেদের মেয়াদে বিভিন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন সিইসি। ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা যেটা অনুমান করেছি, ভোট যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, তখন ভোটার উপস্থিতি বেশি থাকে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। কারণ সেখানে সময় বাকি আছে মাত্র ১০ মাস। আর সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। আপনারা ইউনিয়ন কাউন্সিলের ভোট দেখেছেন। সেখানে কিন্তু উপস্থিতি সন্তোষজনক ছিল এবং তা ইভিএমে হয়েছে। বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতি কম হতে পারে। আবহাওয়াগত কারণ হতে পারে, দুর্যোগের কারণে হতে পারে, শীতের কারণে হতে পারে; বিভিন্ন কারণেই হতে পারে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, ভোটাররা এসেছেন কিনা? তাদের বাধা দেয়া হয়েছে কিনা? তারা ভোট দিতে পেরেছেন কিনা? সেটাই বিশেষভাবে প্রণিধান আমাদের কাছে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচনে “যথেষ্ট” ভোটার উপস্থিতি থাকবে বলে আশা রাখি।’
ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কেন্দ্রে আসার দায়িত্ব হচ্ছে প্রথমত ভোটারের নিজের। রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল একটা দায়িত্ব রয়েছে। তাদের সে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন, মানে আমরা ভোটটা আয়োজন করব। আমরা আপনাদের ব্যালট পেপার সাপ্লাই করব, বক্স সাপ্লাই করব এবং আমরা আইন-শৃঙ্খলা বিষয়ক সংস্থাগুলোকে স্ট্রিক্টলি বলে থাকি, আপনারা ভোটকেন্দ্রের চারপাশে প্রত্যাশিত পরিবেশ নিশ্চিতের চেষ্টা করবেন। তাই দায়িত্বটা কার? দায়িত্বটা সামগ্রিক সমন্বয়ের। এটা আপনাদের অনুধাবন করতে হবে। এককভাবে এ দায়িত্ব কখনই নির্বাচন কমিশনের নয়।’
নির্বাচন ভবন থেকে সকালে ভোটার দিবসের শোভাযাত্রা বের হয়ে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো নির্বাচন ভবনের সামনে এসে শেষ হয়। এতে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকালে আলোচনা সভারও আয়োজন করে ইসি।
বিনিয়োগবার্তা/ডিএফই//