Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 07 Mar 2023 16:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মধ্যে যুক্তরাজ্যে ১০০ নতুন কফি শপ চালু করতে যাচ্ছে স্টারবাকস। একইসঙ্গে বিদ্যমান ক্যাফেগুলোয় লাখো ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম এই কফি চেইনটি। খবর: দ্য টেলিগ্রাফ।

করোনার ধাক্কায় দুই বছর ক্ষতিগ্রস্থ হওয়ার পর ২০২২ সালে যুক্তরাজ্যে ঘুরে দাঁড়িয়েছে স্টারবাকসের ব্যবসা। এ কারণে ২০২৩ সালে ১০০ নতুন কফি শপে ৩ কোটি পাউন্ড বিনিয়োগ করতে যাচ্ছে স্টারবাকস।  ১৯৯৮ সালে যাত্রা শুরুর পর ব্রিটেনে বর্তমানে ১ হাজার ৬৬টি কফি শপ রয়েছে মার্কিন জায়ান্টটির।

খবরে বলা হয়, স্টারবাকস ব্রিটেন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে গত বছর এমন গুঞ্জন উঠেছিল। কিন্তু নতুন চেইন শপ চালু এবং বিনিয়োগ পরিকল্পনায় স্পষ্ট সেরকম কোন পরিকল্পনা নেই তাদের। অন্তত ২০২২ সালের আয়ের উপাত্ত সেরকম ইঙ্গিত দিচ্ছে না। গত বছর ব্রিটেনে স্টারবাকসের আয় ৩৭ শতাংশ বেড়ে ৪৪ কোটি ৯০ লাখ পাউন্ডে দাঁড়িয়েছে। এতে প্রথমবারের মতো কফি চেইনটির আয় করোনা-পূর্ব যেকোন বছরের আয়কে ছাড়িয়ে গেছে। তবে কর-পূর্ব মুনাফা এক পঞ্চমাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ পাউন্ডে। কাপ থেকে শুরু করে কফি বিন ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এতে প্রভাব রেখেছে। এছাড়া শ্রমবাজারে তীব্র প্রতিযোগিতা আমলে নিয়ে কর্মীদের বেতন বাড়াতে বাধ্য হয়েছে স্টারবাকস। ব্যয়বৃদ্ধির ফলে গত বছর এসপ্রেসোসহ বেশ কিছু পানীয়ের দাম ৪ শতাংশের বেশি বাড়িয়েছে।

যুক্তরাজ্যের মূল্যস্ফীতি যখন ৪০ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে তখন ১০০ কফি শপ খুলতে যাচ্ছে স্টারবাকস। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সব মিলিয়ে মোট ৩০০ নতুন কফি শপ চালু করতে যাচ্ছে মার্কিন জায়ান্টটি।

বিনিয়োগবার্তা/এসএএম//