
নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিতে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিজিএমইএ এবং জ্যাক। বৃহস্পতিবার (০৯ মার্চ) চীনের শীর্ষস্থানীয় সেলাই (স্যুইং) মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, জ্যাক (Jack) এর একটি প্রতিনিধি দল ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন জ্যাক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট কিউ ইয়াংইউ (Qiu Yangyou); এশিয়ার মার্কেটিং ডিরেক্টর লি ফেংঝি (Li Fengzhi); বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার অ্যালান চ্যান (Allan Chan); বাংলাদেশের সেলস ম্যানেজার ফেং লিডং (Feng Lidong); প্রোডাক্ট সলিউশন বিভাগের ভাইস জিএম চেন ইউ (Chen Yue) এবং লক স্টিচ প্রোডাক্টের পরিচালক ইং জেনহুয়া (Ying Zhenhua)।
বৈঠকে তারা উদ্ভাবন ও প্রযুক্তির মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ সর্বশেষ প্রযুক্তি এবং যন্ত্রপাতি সহ পোশাক শিল্পের সমস্যাগুলি নিয়েও আলোচনা করেছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে শিল্পের অবস্থানকে শক্তিশালী করার বিষয়ে পোশাক শিল্পের রূপকল্প তুলে ধরেন।
তিনি হাই-ভ্যালুড আইটেম সোর্সিংয়ের জন্য একটি টেকসই এবং প্রতিযোগিতামূলক সোর্সিং উৎসে রূপান্তরের জন্য শিল্পের চলমান এবং পরিকল্পিত কার্যক্রমগুলো সম্পর্কে জ্যাক প্রতিনিধি দলকে অবহিত করেন।
তিনি বলেন, বৃহৎ গার্মেন্টস মেশিনারি প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান, জ্যাক তাদের উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে উচ্চমানের পোশাক উৎপাদনে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
ফারুক হাসান জ্যাক’কে প্রযুক্তি হস্তান্তর এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে দক্ষতা বিনিময়ের মাধ্যমে শিল্পকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
তিনি অত্যাধুনিক উৎপাদনে সক্ষমতা বাড়াতে সেন্টার অফ ইনোভেশন, এফিশিয়েন্সি অ্যান্ড ওএসএইচ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সাথে সহযোগিতাপূর্ন উদ্যোগ গ্রহণের উপর জোর দেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//