Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় ইংলিশদের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। 

ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে থ্রি লায়নসদের সঙ্গে টাইগারদের অভিজ্ঞতা বলতে সর্বসাকুল্যে একটিমাত্র ম্যাচ। দুই দেশের মধ্যে প্রথম সিরিজটি স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই সাগরিকায় প্রথম ম্যাচে টস জিতেই ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে সদ্য সমাপ্ত বিপিএল মাতানো তৌহিদ হৃদয়ের। এছাড়াও এই ম্যাচ দিয়ে আট বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন রনি তালুকদার।

বিপিএলের পারফরম্যান্সের পর তৌহিদ হৃদয়ের জাতীয় দলে ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিলো, পেয়েছেনও ডাক। ওয়ানডেতে অভিষেক না হলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে হৃদয়ের।

রনি তালুকদার বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে আট বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন, আজ প্রথম ম্যাচেই লিটন দাসের সঙ্গে উদ্বোধনী জুটিতে তাকেই দেখা যাবে।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মাত্র ১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ২০২১ সালের আরব আমিরাত বিশ্বকাপে সেই ম্যাচে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছিলো ইংলিশরা। দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলা উপহার দিয়ে স্মরণীয় করে রাখতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই সিরিজ দিয়ে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করতে চান এই লঙ্কান কোচ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, ফিল সল্ট, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।

বিনিয়োগবার্তা/ডিএফই//