Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশস্থল ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০ টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

শনিবার (১১ মার্চ) সার্কিট হাউস মাঠের ওপর চক্কর দেয় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। পরে নগরীর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অবতরণ করে হেলিকপ্টারটি।

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় ময়মনসিংহে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উউদ্ধোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন ক্বারি মাওলানা মোফাজ্জল হোসেন সরকার।

উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জায়গায় ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ময়মনসিংহ সদরের চর সিরতায় ৫০ শয্যা বিশিষ্ট ডাঃ মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, ২১টি বিদ্যালয় ও কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ময়মনসিংহ জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূলভবন, শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন।

এছাড়াও প্রধানমন্ত্রী যেসব নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল নির্মাণ, রোজী জামাল হল নির্মাণ, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট পাঁচ তলা ছাত্র হোস্টেল নির্মাণ, শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ, ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের নানামুখী উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরেন এবং বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণের উপকার হয়।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//