Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।

বুধবার (১৫ মার্চ) বিকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতকালে লিখিত দাবি-দাওয়া সংবলিত স্মারক লিপি পাঠ করেন ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন। স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের ১৩ জন সদস্যের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি সড়কের নামকরণ করা এবং সাংবাদিকদের কল্যাণে আরও কয়েকটি সুনির্দিষ্ট বিষয় স্মারক লিপিতে সন্নিবেশ করা হয়।

পঠিত স্মারক লিপির জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "মুক্তিযুদ্ধের চেতনায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐতিহ্যবাহী একটি সংগঠন। সড়ক নামকরণ সিটি করপোরেশনই করে থাকে। মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নামে সড়কের নামকরণের মাধ্যমে তাদেরকে আমরা এটুকু সম্মান দেখাতেই পারি। ওনারা এটুকু সম্মান পাওয়ার দাবিদার। এতদিন নামকরণ হয়নি, সেটাই দুঃখজনক। যেহেতু সড়কের নামকরণে একটি প্রক্রিয়া রয়েছে, সেহেতু এ প্রক্রিয়ায় করপোরেশনের অংশটুকু আমরা দ্রুতই শেষ করতে পারব। আশা করি, আপনাদের সকলের সহযোগিতায় করপোরেশনের বাইরে 'সড়ক নামকরণে সম্পৃক্ত' বাকী অংশীজনদের কাছ থেকেও এ প্রক্রিয়ার বাকী অংশ দ্রুত শেষ করতে পারব।"

সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, "আপনার পিতা শেখ ফজলুল হক মণি সাংবাদিক সমাজকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। আমি মনে করি, শেখ ফজলুল হক মণির যোগ্য উত্তরাধিকার হিসেবে সাংবাদিকদের কল্যাণ সাধনে আপনারও কিছু দায় ও দায়িত্ব রয়েছে।" 

ডিইউজে সভাপতির বক্তব্যের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আমি নিজেও সাংবাদিক পরিবারের সন্তান। আমি আপনাদের পরিবারেরই একজন। সেজন্য সাংবাদিকদের কল্যাণে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে।"

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য ইব্রাহিম খলিল খোকন, দুলাল খান, সলিমুল্লাহ সেলিম, আসাদুর রহমান, মহিউদ্দিন পলাশ, সফিকুল করিম সাবু, সফিক বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//