
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে শিল্প মন্ত্রণালয় পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এজন্য আমরা এসএমই সেক্টরকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে বেছে নিয়েছি। শিল্প মন্ত্রণালয় প্রণীত জাতীয় শিল্পনীতি-২০২২ এবং এসএমই নীতিমালা-২০১৯ সফলতার সঙ্গে বাস্তবায়ন হয়েছে। সরকারের উন্নয়ন নীতি বাস্তবায়নের জন্য ২০২৭ সালের মধ্যে জিডিপিতে এ খাতের প্রবৃদ্ধি ৩২ থেকে ৪০ শতাংশে নিয়ে যেতে হবে।’
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী-উদ্যোক্তা সংগঠনকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার টেকসই এবং গুণগত শিল্পায়নের প্রতি সবচেয়ে বেশি জোর দিচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেজন্য মন্ত্রণালয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং গুণগত পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমেই বাড়ছে, এ প্রবৃদ্ধি জিডিপির ৩২ শতাংশ।’
মন্ত্রী আরো বলেন, ‘এসএমই খাতের ৭১ শতাংশ প্রতিষ্ঠান গ্রামে অবস্থিত। আর আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ অর্থনীতির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য ক্লাস্টারভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের উপ-উন্নয়ন পরিচালক ডানকান ওভারফিল্ড এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী।
বিনিয়োগবার্তা/এসএএম//