Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 16 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে ফের অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্তে গত ১০ ফেব্রুয়ারি জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। তবে বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমেও দেয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল।

বিনিয়োগবার্তা/এসএএম//