Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলে অভিযান চালিয়ে ৭ বহিরাগতকে আটক করেছে ঢাবির প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন। পরবর্তীতে কোনো বহিরাগতকে হলে অবস্থান করলে সরাসরি পুলিশে সোপর্দ করা হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

সোমবার (২০ মার্চ) রাত ১২টার দিকে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ও হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এক ঘণ্টার বেশি অভিযানকালে হলের বিভিন্ন কক্ষ থেকে সাতজন বহিরাগতকে আটক করে একটি রুমে তালা দেয়া হয়। জানা যায়, ঢাবির কক্ষগুলোতে অনেক বহিরাগত অবস্থান করছিলেন। অভিযানের খবর পেয়ে আগ থেকেই সেখান থেকে পালিয়ে যান তারা।

আটকৃতরা হলেন, মো. ইব্রাহিম, মো. মুজাহিদ, মিজবাহুল হাসান, তানভীর হাসান, আবু সাঈদ, লিংকন, মাহফুজ এবং মাজহারুল ইসলাম। তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী এবং হলের শিক্ষার্থীদের আত্মীয়। জিজ্ঞাসাবাদের পর তাদের হল থেকে বের হয়ে যেতে নির্দিষ্ট সময় বেধে দেয় প্রশাসন। এরপর তাদের ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেখা গেলে সরাসরি পুলিশে সোপর্দ করা হবে বলে হল প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তাও দেওয়া হয়।

এ বিষয়ে হল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বহিরাগতরা হলে অবস্থান করেন এমন খবর পেয়ে হল প্রশাসনকে সহযোগিতা করতে আমরা এখানে এসেছি। কয়েকজনকে আমরা ধরতে পেরেছি। তাদের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। বর্তমান শিক্ষার্থীরা হল প্রশাসনকে সহযোগিতা করলে হলকে বহিরাগত ও অছাত্রমুক্ত করতে সহজ হবে। তখন বৈধ শিক্ষার্থীদের বারান্দায় কিংবা গণরুমে থাকতে হবে না।

বিনিয়োগবার্তা/এএইচএস//