
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ই-মেইল সার্ভার সাময়িকভাবে বন্ধের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে বিমানের বক্তব্য তুলে ধরা হলো:
গত শনিবার (১৮-০৩-২০২৩) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কিছু সংখ্যক কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয় এবং সাথে সাথে ঐ দিন সন্দেহযুক্ত সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয় এবং ই-মেইল সার্ভিস বন্ধ করে দেয়া হয়। বিকল্প ব্যবস্থায় বিমানের অপারেশনাল কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত ই-মেইল আইডিগুলো মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে চালু আছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ধারা-১৫ অনুসারে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructures- CII) এর অধীনে তফসিলভুক্ত একটি প্রতিষ্ঠান বিধায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি কর্তৃক প্রদত্ত কারিগরি দিক নির্দেশনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে কোন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা হলো।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//