Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Mar 2023 19:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের সংলাপের চিঠিকে ‘অতীতের মতো ভোট করার লেটেস্ট কৌশল' হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীতে কেউ ভোট দিতে পেরেছে? এবার বহির্বিশ্বের চাপ বেশি বলেই নতুন নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। সুষ্ঠু ভোট করার ক্ষমতা ইসির নেই।

শনিবার (২৫ মার্চ) মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনারের চিঠির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, সোমবার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে সে মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা আছে নাকি? সে পারবে এই প্রশাসনকে সোজা করতে?

নির্বাচন কমিশনের উদ্দেশে ফখরুল বলেন, চিঠি-টিঠি দিয়ে অযথা কেন হয়রান হচ্ছেন? আপনারা ভদ্র লোকের মতো থাকতেন। ভদ্র লোকের মতো থাকেন, বেতন-টেতন নেন। ইভিএম দিতে চেয়েছিলেন, পারছেন না। অতীতে নির্বাচন কমিশন ছিল, তারা শুধু ট্রেনিং বাবদ কোটি কোটি টাকা খেয়ে ফেলেছে, এ রকম কিছু আছে কিনা সেগুলো দেখেন। অযথা নির্বাচন নিয়ে কথা বলে নিজেদের খাটো করবেন না।

সংকট একটাই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার কে থাকবে? নির্বাচনকালীন সময়ে যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে এ নির্বাচন কোনোদিনই নিরপেক্ষ হতে পারবে না— এটা প্রমাণিত। সুতরাং অযথা এই এক্সারসাইজ না করে আসল জায়গায় আসেন। আসল জায়গাটা হচ্ছে, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। সেটা নিয়ে কাজ করুন।

 

বিনিয়োগবার্তা/এসএএম//