
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই । তার সরকার ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এ সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান আর সহায়তা করা হচ্ছে, তা অন্যকোনো দলের সরকার করেনি।
রবিবার (২৬ মার্চ) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন আর তাদের জন্য বিভিন্ন ভাতার পাশাপাশি বীর নিবাস করা হচ্ছে যা অতীতের কোনো সরকার করেনি।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই আমাদের সবাইকে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুরা এখনো দেশে নানা ধরনের অরাজকতা করছে। আর এতে দেশের মান ক্ষুন্ণ হচ্ছে এবং অনেক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//