
নিজস্ব প্রতিবেদক: ভোগ্যপণ্যের দাম কমছে, ধীরে ধীরে আরো কমবে, শুধু দেশে না সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে।নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে। কথাগুলো বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কাদের আরও বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক তা কখনো পূরণ হবে না।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা, ইইউসহ সবাই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে তো আমাদের উদ্বেগের কিছু নেই, কারণ আমরা সংবিধান মেনেই নির্বাচন করবো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন আর কেয়ার টেকারের প্রয়োজন নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০১ এর মতো কেয়ার টেকার সরকার চায়, দলীয় কেয়ার টেকার, ঢাকঢোল পিটিয়ে আন্দোলন হয় না। তাদের আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমিত। জনগণের অংশগ্রহণ ছিল না। গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনও করতে পারেনি বিএনপি।
বিনিয়োগবার্তা/এমআর//