
নিজস্ব প্রতিবেদক: ‘এ’ ক্যাটাগরিভুক্ত প্রকল্পসমূহের কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সুপারিশ করেছে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।
বুধবার (২৯ মার্চ) একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ৩২তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য গোলাম মোহাম্মদ কাদের, মোঃ মুজিবুল হক এবং ফখরুল ইমাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত ও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্র্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি এবং সর্বশেষ হালনাগাদ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মন্ত্রণালয় কর্তৃক যে সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় সে সকল প্রকল্পের কাজের গুণগতমান ও বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শনপূর্বক পর্যবেক্ষণ ও মতামত প্রদানের জন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কে সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্বত্যাগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যবৃন্দসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর মহাপরিচালক, বিভিন্ন সংস্থাপ্রধানগণ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//