
নিজস্ব প্রতিবেদক: দুই বছরের করোনাকাল শেষে এবারের ঈদুল ফিতরে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা ১ কোটি ২০ লাখ হতে পারে, মোট যানবাহনের ধারণ ক্ষমতার চেয়ে যা কয়েক গুণ বেশি।
রবিবার (২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজ্জামেল হক চৌধুরী এ তথ্য জানান।
ঈদযাত্রায় অসহনীয় যানজট, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সমাজবিজ্ঞানীরা বলছেন, নাড়ির টানে বাড়ি ফেরাকে কোনভাবেই আটকে রাখা যাবে না, তবে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে নেয়া যেতে পারে বেশ কিছু পদক্ষেপ।
এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ২০ লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে বলে ধারণা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
একই সঙ্গে ১৯ এপ্রিল থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়তে পারে। এ ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় আরও প্রায় পাঁচ কোটি মানুষ ঈদে বাড়ি যেতে পারে।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগামী ১৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ঈদযাত্রায় গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৯০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।
১৬ এপ্রিল থেকে ঈদযাত্রা শুরু হলেও প্রধানত ১৮ এপ্রিল বেতন-বোনাস পাওয়ার পর ১৯ এপ্রিল থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//