
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সুবর্ণ (অটিস্টিক) শিশুদের বয়স শিথিল করা হবে।
রবিবার (২ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটউটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অটিজমের প্রতি সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, অটিজম নিয়ে বিশ্বব্যাপী তেমন সচেতনতা ছিলো না।
পরিবার ও আত্মীয়দের কাছ থেকেও তাদের গোপন করা হতো। এই বাচ্চাদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ দেওয়া হতো না। সমাজ এবং পরিবারে অভিশাপ ও বোঝা মনে করা হতো।
তিনি আরো বলেন, বর্তমানে অটিজম বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব সোলেমান খান, সুচনা ফাউন্ডেশনের সিইও ডা. সাকী খন্দকার।
বিনিয়োগবার্তা/কেএইচকে//