Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 06 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: গণমাধ্যম সরকারের সমালোচনা করলেই দেশদ্রোহ নয়। আর এ কারণে মিডিয়া প্রতিষ্ঠানের মুখবন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। গতকাল দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এক মামলার রায়ে এ মন্তব্য করে বলেন, ‘সরকারের সমালোচনা করলে রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে কোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেয়া যায় না। সরকারের সমালোচনা দেশ বা রাষ্ট্রের সমালোচনা নয়।’ কেরালার একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল-সংক্রান্ত এক মামলার রায়ে এ মন্তব্য করা হয়। খবর: এনডিটিভি।

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন অভিযোগে কেরালার মালয়ালম ভাষায় সম্প্রচারিত টিভি চ্যানেল ‘মিডিয়া ওয়ান’-এর লাইসেন্স বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। গত বছরের ৩১ জানুয়ারি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। কেন্দ্রের ওই রায় বহাল রেখেছিলেন কেরালার হাইকোর্টও। গতকাল সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দিয়েছেন, পাশাপাশি মিডিয়া ওয়ান চালু করতে কোনো বাধা নেই বলেও জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ চ্যানেলটির সম্প্রচার আবার চালুর নির্দেশ দিয়ে বলেন, ‘প্রাণবন্ত গণতন্ত্রের স্বার্থে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা জরুরি।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, ‘তুচ্ছাতিতুচ্ছ কারণে রাষ্ট্রীয় নিরাপত্তাকে খাড়া করা ঠিক নয়। মানুষের অধিকার খর্ব করায় রাষ্ট্রীয় নিরাপত্তার জিকির তোলা যায় না। এক্ষেত্রে অকারণে ওই যুক্তি খাড়া করা হয়েছে।’

জানা গেছে, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) প্রণয়নের সমালোচনা করেছিল মিডিয়া ওয়ান। ওই আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন ও একে কেন্দ্র করে ২০২০ সালে দিল্লি দাঙ্গার খবর ব্যাপকভাবে সম্প্রচার করেছিল চ্যানেলটি। সেই ‘অপরাধে’ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওই চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। কেন্দ্রের দাবি, ওই চ্যানেল ১৯৯৪ সালের ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন’ ভঙ্গ করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন খবর সম্প্রচার করেছে। দেশের নিরাপত্তার স্বার্থে তা বিপজ্জনক। কেন্দ্রের সেই সিদ্ধান্ত কেরালা হাইকোর্ট বহাল রাখলে সংশ্লিষ্ট সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গতকাল কেন্দ্রের ওই নির্দেশ খারিজ করে বলেন, ‘চ্যানেলটি দেশবিরোধী কাজকর্ম করেছে, রাষ্ট্রবিরোধী খবর সম্প্রচার করেছে, এমন কোনো প্রমাণ কেন্দ্রীয় সরকার দাখিল করতে পারেনি। সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগের প্রমাণও দিতে পারেনি। তাদের সম্প্রচার দেশবিরোধী ও তাতে সম্প্রীতি নষ্ট হচ্ছে, এ অভিযোগের পক্ষেও নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি। এমন ভাসা ভাসা অনুমানের ওপর জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার দাবি মেনে নেয়া যায় না।’

প্রধান বিচারপতি বলেন, ‘গণমাধ্যম সবসময় সরকারকে সমর্থন করবে, সরকারের এ মনোভাব সমর্থনযোগ্য হতে পারে না। প্রাণবন্ত গণতন্ত্রের স্বার্থে স্বাধীন সংবাদমাধ্যম জরুরি। সরকারের সমালোচনা করে বলেই কোনো টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া যায় না।’

বিনিয়োগবার্তা/এসএএম//