
নিজস্ব প্রতিবেদক: ব্যালট বা ইভিএমে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব না। তবে ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। এ সব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। আগাম নির্বাচন হিবে না, রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি কমিশনের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইসির এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা। ব্যালট বা ইভিএম নয়। ইভিএমে ভোট না করা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, তবে ইভিএমে ভোট না করার সিদ্ধান্ত একেবারেই কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।’
আগাম নির্বাচন হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আগাম ভোটের প্রশ্নই আসে না।
বিনিয়োগবার্তা/এমআর//