Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 06 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামী ১০ এপ্রিল আর বোনাস ঈদের আগে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বুধবার (৫ এপ্রিল) শ্রম ভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ নির্দেশনা দেন।

মন্নুজান সুফিয়ান বলেন, ‘‌ঈদ যখন আসে তখন মজুরি, বেতন-ভাতা, উৎসব ভাতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পূজা-পার্বণকে কেন্দ্র করে সরকার নিজস্ব উপায়ে ভাতা দিয়ে থাকে ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিজেদের সমঝোতার ভিত্তিতে ভাতা দেয়। এ নিয়ে সঠিক ব্যবস্থাপনা ও কিছু মালিকের অদূরদর্শিতার অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। 

সঠিক সময়ে শ্রমিকের ন্যায্য বেতনটা দিয়ে দেবেন। বেতনের আগে বোনাসটা দিয়ে দিতে হবে। যেহেতু এবার ২২-২৩ তারিখের মধ্যে ঈদ পড়ে যাবে। তাই আমাদের সিদ্ধান্ত হচ্ছে, ঈদের ছুটির আগে শ্রমিকদের তাদের পাওনা পরিশোধ করতে হবে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘‌শ্রমিক-মালিক দুই পক্ষই বসে বেতন-ভাতার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। শ্রমিকরা অর্ধেক মাসের বেতন নেবেন, নাকি পুরো মাসের বেতন নেবেন, নাকি শুধু বোনাস নেবেন, সেটি জানাবেন।

নিজেদের সমঝোতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবেন। সরকারি ছুটি অবশ্যই সবাইকে দিতে হবে। আর মালিক-শ্রমিকরা বসে ঠিক করবেন তারা কীভাবে অতিরিক্ত ছুটি মঞ্জুর করবেন। আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন কবর, এই প্রত্যাশা।

এ সময় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘‌আমরা বিকেএমইএর সব সদস্যকে নির্দেশনা দিয়ে রেখেছি, যেভাবেই হোক ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা সব পরিশোধ করতে হবে। 

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, বিজিএমইএর সহসভাপতি মো. নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//