
নিজস্ব প্রতিবেদক: সরকারের কার্যক্রম তদারকির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা ও কর্তৃত্বের নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠা করা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সব ক্ষমতার কেন্দ্রবিন্দু।’ সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সবার সহায়তা করা উচিত বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
শুক্রবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। সোয়া ৩টায় রাষ্ট্রপতি ভাষণ শুরু করে ৩টা ৫৫ মিনিটে শেষ করেন। সংসদের এ বিশেষ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, তিন বাহিনী প্রধান, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৭৩ সালের ৭ এপ্রিল। রাষ্ট্রপতি তার বক্তব্যে গণতন্ত্র, জাতীয় সংসদ, সংসদ সদস্যদের ভূমিকার বিভিন্ন চিত্র তুলে ধরেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন।’
জাতীয় সংসদে প্রথিতযশা আইনজীবীদের সংখ্যা ক্রমেই কমে আসছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে হয়তোবা সংসদে বিল আকারে উপস্থাপিত আইনের পরিবীক্ষণ, মূল্যায়ন ও বিশ্লেষণের জন্য বাইরে থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।’
রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক এ যুগে বিশ্বের সর্বত্র আইনসভা তার মূল কার্যক্রম বিভিন্ন কমিটির মাধ্যমে সম্পাদন করে থাকে, আমরাও এর ব্যতিক্রম নই। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হচ্ছে এ সংসদীয় কমিটি ব্যবস্থা। মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত সংসদীয় কমিটি ব্যবস্থার কার্যকারিতার ওপর সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচিত।’
জাতীয় সংসদের কার্যক্রমকে প্রাণবন্ত ও কার্যকর করতে হলে সংসদ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘যুক্তিতর্কের সঙ্গে বিতর্কে অংশ নিতে হবে। সংসদ সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হলে সংবিধান, কার্যপ্রণালি বিধি, সংসদীয় রীতিনীতি ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এছাড়া সংসদের অতীত কার্যপ্রবাহ থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। দক্ষ পার্লামেন্টারিয়ান হতে হলে আপনাদের পড়াশোনার পাশাপাশি সংসদ লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন আর সশরীরে লাইব্রেরিতে না গিয়ে অনলাইনে সবকিছু সংগ্রহ করা যায়।’
তিনি আরো বলেন, ‘পরমতসহিষ্ণুতা, বিরোধী দলকে আস্থায় নেয়া এবং অন্যকে কীভাবে সম্মান দেয়া যায় এসব বিষয়ে বঙ্গবন্ধু বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় নজির রেখে গেছেন। আমাদের সৌভাগ্য আমরা বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বমানের কিংবদন্তি নেতা পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য আমরা তাকে ধরে রাখতে পারিনি।’
মো. আবদুল হামিদ বলেন, ‘সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের সব বিভাগের জবাবদিহিতার ক্ষেত্রে আদর্শ স্থাপনের গুরুদায়িত্ব বর্তায় এ মহান সংসদের সদস্যদের ওপর। কেবল গণতান্ত্রিকভাবে নির্বাচিতরাই সংসদে জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এ বিষয়ে সরকারি ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যরাই জাতির কাছে দায়বদ্ধ।’
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সবার সহায়তা করা উচিত।’
রাষ্ট্রপতি জানান, প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের আলোকে জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরো সমৃদ্ধ ও বেগবান করবে—এটাই সবার প্রত্যাশা।
গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলে। দেশে গণতন্ত্র অব্যাহত থাকলে উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে যায়। আবার গণতন্ত্রের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হলে উন্নয়নও বাধাগ্রস্ত হয়। উন্নয়নকে স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করতে হবে, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ছড়িয়ে দিতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তা কখনো সর্বজনীন হতে পারে না। সে উন্নয়ন হয় ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ ও দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ৭ এপ্রিল একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। ১৯৭৩ সালের এ দিনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। সদ্য স্বাধীন দেশে যাত্রা শুরু হয়েছিল সংসদীয় গণতন্ত্রের। তবে এ যাত্রার পেছনে রয়েছে ২৪ বছরের অত্যাচার, শোষণ ও নির্যাতনের করুণ ইতিহাস।’
সংসদকে কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্যদের উদ্দেশে মো. আবদুল হামিদ বলেন, ‘তারা অনেক আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন যাতে তাদের কথা, চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা আপনারা সংসদে তুলে ধরেন। এটা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। রাজনৈতিক মতপার্থক্য এবং নীতি-আদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু সংসদকে গণতন্ত্র ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে কোনো ভিন্নতা থাকতে পারে না।’
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//