Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 10 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: বাসশ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে হওয়া জটিলতায় কুষ্টিয়ার বাসমালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ চতুর্থ দিনের মতো চলছে।

গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর গুরুত্বপূর্ণ এই দুটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে এসব রুটে যাতায়াতকারী যাত্রীরা।

সংকট নিরসনে গত শনিবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, আজ সোমবার (১০ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সাথে তার সভাকক্ষে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর একটা সিদ্ধান্ত হতে পারে।

প্রসঙ্গত, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় বাসশ্রমিক, মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে সারা দেশের সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিনিয়োগবার্তা/এমআর//