
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একইসঙ্গে মঙ্গল শোভাযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রংপুর জেলা পুলিশ লাইনসে পুলিশ অফিসার্স মেস, পুলিশ লাইনস মাল্টিপারপাস শেড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পুলিশ প্রধান বলেন, আমরা আশা করি, মানুষ মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখের সকল অনুষ্ঠানে অতীতে যেভাবে অংশগ্রহণ করেছেনে এবারও সেভাবে করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত। বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনি দায়িত্ব পালন করে আসছে। এ ধরনের দায়িত্ব পালনের জন্য আমাদের প্রশিক্ষণ, ইকুইপমেন্ট, লজিস্টিকস এবং জনবল রয়েছে। তিনি বলেন, নির্বাচনি দায়িত্বসহ আইনশৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী । সেই নীতির আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। তিনি বলেন, আপনারা দেখেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল একসময় সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ন হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিরা যখনই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে আমরা তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
আইজিপি বলেন, মাদক একটি সার্বজনীন সমস্যা। মাদকের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। বাংলাদেশ পুলিশের সকল ইউনিট মাদকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করছে। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আইজিপি।
তিনি বলেন, রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী এবং রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//