
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও উগ্রপন্থী রোহিঙ্গা সংগঠন আরাকান সলভেশন আর্মির (আরসা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আরসার গুলিতে নুর হোবা (৫০) নামক এক পথচারী নারী নিহত হয়েছেন। এছাড়া পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিম (৩২) নিহত হয়েছেন। সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় অস্ত্রসহ একজন আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়া ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, ৮ আমর্ড পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। আটক আরসা সদস্য ১৮নং ক্যাম্পের নুরুল হাকিমের পুত্র মোহাম্মদ সাদেক (৩১)।
পুলিশ জানিয়েছে, নিহত হাসিম চাঁদাবাজি ও মাদক পাচারসহ একাধিক মামলার আসামি।
৮ আমর্ড পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, দুপুরের দিকে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটি ঘর ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের গলি ও পাহাড় থেকে আরসার অস্ত্রধারী ২০-৩০জন সন্ত্রাসী গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এসময় আরসার গুলিতে এক পথচারী নিহত হয়।
ফারুক আরো জানান, ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটু দূর থেকে আরসার শীর্ষ নেতা হাশিমের মরদেহ উদ্ধার করে। এরপর আশপাশের ঘরে তল্লাশি চালিয়ে এক আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে উখিয়া থানায় হস্তান্তর ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
এপিবিএন কর্মকর্তা ফারুক বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআইআর/এসএএম //