
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় অন্ধকার হয়ে রয়েছে পুরো এলাকা। বাতাসের ঝাপটায় ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে পুরো এলাকায়। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা নিউ সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করছেন৷
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন জানান, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণে আরো সময় লাগবে।
থেমে থেমে ধোঁয়া বের হচ্ছে নিউ সুপার মার্কেট থেকে। এরপর বেলা ১১টার দিকে মার্কেটের পেছনের অর্থাৎ পশ্চিম দিক থেকে অতিরিক্ত মাত্রায় কালো ধোঁয়া বের হওয়া শুরু করলে সেখানে পানি ছিটানো বাড়িয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনে জমে থাকা ধোঁয়া বের করতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাইরে থেকে মই বেয়ে উঠে জানালার কাচ ভেঙে দিচ্ছেন। আগুন এখন আর না জ্বললেও পোশাক পুড়ে ধোঁয়া উড়ছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
এই বিপণী বিতানের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মার্কেটের দোতলা ও তিন তলায় সবই পোশাকের দোকান।
আগুন নেভাতে ভেতরে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ১২ জন কর্মী এবং একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস৷
বিনিয়োগবার্তা/ডিএফই//