
ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। খবর: খালিজ টাইমস।
গতকাল শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্সকে আগুনের বিষয়টি জানানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা দেয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ক্রটি ছিল। নিয়ম মেনে চলার অভাবে আগুন লেগেছে।"দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত চলছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেছেন। সামাজিক মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা যায়, অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বেরিয়ে আসছে।
ভবনটির নিচে অবস্থিত একটি দোকানের কর্মী জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, ‘কয়েক মিনিটের জন্য আমরা বুঝতে পারিনি কী ঘটছে। কিন্তু জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।’
ধোঁয়ার কারণে সাহায্যের জন্য ছুটে যাওয়া বাসিন্দারা কিছুই করতে পারেনি। পরে সিভিল ডিফেন্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ দিকে সমাজকর্মী নাসির জানান, মর্গে গিয়ে কিছু লাশ স্বজনরা শনাক্ত করেছেন। আহতদের অন্তত তিনজন হাসপাতালে রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।
বিনিয়োগবার্তা/এসএএম//