Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 17 Apr 2023 00:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সেবার মানোন্নয়নে টেলিটকের নেটওয়ার্ক বৃদ্ধিকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (১৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ.কে.এম রহমতুল্লাহ’র সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম, অপরাজিতা হক এবং শাহদাব আকবর বৈঠকে অংশগ্রহণ করেন।

সভাপতির বিশেষ আমন্ত্রনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ৩নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।

বৈঠকে সারাদেশব্যাপী হাই-টেক পার্কের আওতাধীন নির্মিতব্য আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।    

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//