Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 16 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ৫৮টি বিপণিবিতান পরিদর্শন শেষে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউছিয়া মার্কেটসহ নয়টি মার্কেটকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৪টি মার্কেটকে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ৩৫টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।

রোববার ফায়ার সার্ভিস সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুনরায় রাজধানীর বিপণিবিতানগুলোর অগ্নি নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম হাতে নেয় সংস্থাটি। এরই ধারাবহিকতায় এ পর্যন্ত পরিদর্শন করা সবগুলো বিপণিবিতানই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।

তিনি বলেন, অধিক ঝুঁকিপূর্ণের তালিকায় গাউছিয়া মার্কেট ছাড়াও রয়েছে ফুলবাড়ীয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলির রাজধানী নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, শহীদ উল্লাহ মার্কেট, সদরঘাটের শরীফ মার্কেট, মায়া কাটারা ২২ মার্কেট এবং সিদ্দিক বাজারের রোজ নীল তিস্তা মার্কেট রয়েছে।

এর আগে গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পর গাউছিয়া মার্কেট পরিদর্শন করে বেশকিছু ঝুঁকির কথা জানায় ফায়ার সার্ভিস। সেদিন ফায়ার সার্ভিসের সঙ্গে ডিজিএফআই ও এনএসআই কর্মকর্তাদের একটি দল গাউছিয়া মার্কেট পরিদর্শনে যান। এরপর দোকান মালিক সমিতির অফিসে বসে মার্কেট সম্পর্কে খুঁটিনাটি তথ্য পূরণ করে গোটা মার্কেট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, এই মার্কেটের ছয়টি সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়িগুলো উন্মুক্ত নয়। ইলেকট্রিসিটির তার যেখানে-সেখানে ঝুলে রয়েছে। এছাড়া মার্কেটটিতে স্বয়ংক্রিয় অগ্নি সংকেত ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছিল সেটি এখনও করা হয়নি। এখানে অগ্নি নির্বাপনের কোনো প্যানেল বোর্ড নেই, এই বোর্ড থাকলে একটি ঘরে বসেই দেখা যায় কোথায় আগুন লেগেছে। মার্কেট কর্তৃপক্ষকে নিজেদের অগ্নি নির্বাপনী জনবল গড়ে তুলতে বলা হয়েছিল, যেটি এখনো দৃশ্যমান হয়নি।

বিনিয়োগবার্তা/এসএএম//