Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: ঈদ উপলক্ষে মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪নং ফেরিঘাট থেকে প্রথম ফেরি, কলমিলতা ছেড়ে যায় শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে। প্রথম দিন ভোর থেকেই ফেরিতে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার থেকে ঈদের ছুটি শুরু হলেও দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঘরে ফিরছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণবঙ্গের প্রচুর মানুষ শিমুলিয়াঘাট হয়ে বাড়ি ফিরবেন। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে আজ মঙ্গলবার থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোট দুটি মিডিয়াম ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। দুটি ফেরির প্রস্তুতি থাকলেও চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

বিনিয়োগবার্তা/এএইচএস//