Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে ওয়ান-ইলেভেনের পরিস্থিতি হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশী-বিদেশী যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৬-০৭ কিংবা ওয়ান-ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেবো না।

বুধবার (১৯ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিনই কোথাও না কোথাও আগুন, এটা তদন্ত করা হচ্ছে। আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে? অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে।

রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার তা-ই করছে। অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কি না, সেটাই এখন দেখার বিষয়।

নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যত বাধাবিপত্তি কিংবা অপরাধী আসুক, আমরা প্রতিহত-প্রতিরোধ করবো।

বিনিয়োগবার্তা/এসএএম//