Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 26 Apr 2023 11:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্ব নেতারা। এরইমধ্যে জাপানের সম্রাট নারুহিতো, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করার ওপর জোর দিয়েছেন নেতারা।

জাপানের সম্রাট নারুহিতো তার বার্তায় বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনার সাফল্য ও সুখ এবং আপনার দেশের জনগণের সমৃদ্ধির জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। তিনি বলেন, আপনার দেশের স্বাধীনতা লাভের পর থেকে ঢাকা ও রোম বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। ইতালির বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদানে এই বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে সুসংহত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার বার্তায় বলেন, ইরান ও বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন এবং অভিন্ন মূল্যবোধের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি ভালো ধারাবাহিকতা রয়েছে এবং ইসলামী বিশ্বে তা গুরুত্বপূর্ণ ও প্রভাব রাখছে।

মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ইবনি আলমারহুম সুলতান হাজী আহমদ শাহ আল-মুস্তা' ইন বিল্লাহ এক বার্তায় সাহাবুদ্দিনকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার অভিনন্দন বার্তায় বলেন, আগামী দিনে এই রাষ্ট্রপতির অধীনে বাংলাদেশ আরো উন্নয়ন সাধন করবে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিঙ্গাপুরবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় বলা হয়, উভয় দেশ এখন অবকাঠামো, লজিস্টিকস, বিদ্যুৎ এবং আইসিটির মতো সম্ভাবনার নতুন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে।

বিনিয়োগবার্তা/এসএএম//