
ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের নির্বাচনেও দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার তার নির্বাচনী প্রচার দলের এক সংক্ষিপ্ত ভিডিওতে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেয়ার এ ঘোষণা দেন তিনি। খবর: রয়টার্স।
খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জো বাইডেনের এ সিদ্ধান্ত ৮০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থীকে মার্কিন নাগরিকরা আরেক দফায় চার বছরের জন্য হোয়াইট হাউজে যাওয়ার সুযোগ দেবেন কিনা, মূলত তারই পরীক্ষা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরই মধ্যে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের রেকর্ড নিজের করে নিয়েছেন বাইডেন।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালের ২৫ এপ্রিল বাইডেন তত্কালীন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার দিন হিসেবে তাই ২৫ এপ্রিলকেই বেছে নেন।
বাইডেন তার নির্বাচনী প্রচার দলের প্রকাশিত ওই ভিডিওতে ঘোষণা দিয়ে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষা করাই তার কাজ। ভিডিওটির শুরুতেই দেশটির পার্লামেন্ট ভবনে ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার দৃশ্য দেখানো হয়েছে। বাইডেন বলেন, ‘চার বছর আগে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আমি বলেছিলাম, আমরা আমেরিকার আত্মার জন্য লড়াই করছি এবং আমরা এখনো এ লড়াইয়ের মাঝে আছি।’
তিনি আরো বলেন, ‘এটা আত্মতুষ্টির সময় নয়। সেজন্য আমি পুনরায় নির্বাচনে লড়ছি।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন জাতির উদ্দেশে বলেন, ‘চলুন কাজটি শেষ করি। আমি জানি আমরা পারব।’
বাইডেন দেশটির বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকানের প্লাটফর্মগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ভিডিও বার্তায় স্বাস্থ্যসেবা সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি, সামাজিক সুরক্ষা বাড়ানো ও বিতর্কিত বই নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে দেশটির ‘মাগা চরমপন্থীদের’ তীব্র সমালোচনাও করেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ রাজনৈতিক স্লোগানের সংক্ষিপ্ত রূপ হলো মাগা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হিসেবে লড়াইয়ে নামতে পারেন ট্রাম্প।
বিনিয়োগবার্তা/এসএএম//