
নিজস্ব প্রতিবেদক: সরকারের আর্থিক অপচয় রোধকল্পে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে সমন্বয় রেখে কাজ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, শ্রী বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বর্তমান সরকারের সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের উপর আইএমইডি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের কাজ করার ক্ষেত্রে পানি নিষ্কাশণ ব্যবস্থা যথাযথ রেখে রাস্তা নির্মাণের পরামর্শ প্রদান হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের উপর আইএমইডি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি প্রতিবেদন যথা সময়ে আইএমইডি বরাবর পেশ করার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে দুর্যোগ মোকাবেলায় অধিক সতর্ক থাকার আহবান জানানো হয়।
এছাড়া, “গ্রামীন রাস্তা কম/বেশী পনের মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নিমাণ” প্রকল্প; “উপকূলীয় ও ঘুর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী আশ্রয় কেন্দ্র নির্মাণ (২য় পর্যায়)” প্রকল্প; Strengthening of the Ministry of Diseaster Management and Relief Program Administration”; “Emergency Multi-sector Ruhingya Crisis Response Project” “আরবান রেজিলিয়েন্স প্রকল্প, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প”; “জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ এবং বহুমুখী উদ্ধার ও অনুসন্ধান কাজের লক্ষ্যে নৌযান সংগ্রহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (বিনিয়োগ প্রকল্প) ইত্যাদির কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, আইএমইডি’র সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভাগ/অধিদপ্তরের প্রধান, মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//