Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 29 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংঘাত কবলিত সুদানে অবস্থানরত বাংলাদেশীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহের শেষ নাগাদ প্রবাসীরা সুদান থেকে সৌদি আরবে পৌঁছে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানায়, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশী রয়েছেন। এদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরত আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।

আফ্রিকার দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফের মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলমান। এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।

বর্তমানে সেনা বাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সুদানে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটকে পড়া বাংলাদেশীদের প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদান ও সেখান থেকে সৌদি আরবের পোর্ট জেদ্দায় নেয়া হবে। জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি ফ্লাইটে বাংলাদেশীদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এর মধ্যেই খার্তুম ও আশপাশের শহর থেকে বাংলাদেশীদের ৮৫০ কিলোমিটার দূরের পোর্ট সুদানে পরিবহনের জন্য নয়টি বাসের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা থেকে একটি টিম দূতাবাসকে সহায়তার জন্য সুদান পৌঁছাবে শিগগিরই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশীদের পোর্ট সুদান থেকে জেদ্দায় পরিবহনের জন্য সৌদি সরকার বিনামূল্যে নৌবাহিনীর জাহাজ দেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। ২ মের মধ্যে সব বাংলাদেশীকে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত বর্তমানে পোর্ট সুদানে অবস্থান  করছেন। আগামী ৩ মে বা ৪ মের মধ্যে বাংলাদেশীরা জেদ্দা পৌঁছে যাবেন এমন আশা করা হচ্ছে।

এদিকে জেদ্দার দুটি বাংলাদেশ স্কুলে সুদান প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ঔষধ ও সাময়িক আবাসনের ব্যবস্থা করা হয়েছে। খার্তুম থেকে পোর্ট সুদানে প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে প্রবাসীদের যেন শারিরীক কোন সমস্যা না হয় বিষয়টি মাথায় রেখে পোর্ট সুদানেও দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ঔষধ ও সাময়িক আবাসের ব্যবস্থা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সুদান প্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন সেদিন থেকেই বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের প্রাক্কালে সুদান প্রবাসীদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়।

এদিকে সুদানে রাষ্ট্রদূতের অফিস ও বাসভবন আক্রান্ত হলেও তিনি অন্যত্র অবস্থান করে অফিস পরিচালনা করছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//