
আন্তর্জাতিক ডেস্ক: গত অর্থবছরের মার্চে জাপানের বেকারত্ব হার ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের একই মাসের চেয়ে দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এদিকে ২০২২ অর্থবছরে জাপানের বেকারত্ব হার আগের বছর থেকে দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। খবর কিয়োদো এজেন্সি।
শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে দেখা গেছে, ২০২২ অর্থবছরের শেষ মাসে বেকারত্ব হার আগের মাসের তুলনায় দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো জাপানে বেকারত্ব হার বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০২২ অর্থবছরে চাকরি প্রাপ্যতার অনুপাত দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ দশমিক ৩১-তে পৌঁছে, যা নির্দেশ করে প্রতি ১০০ জন চাকরিপ্রার্থীর জন্য ১৩১টি চাকরির সুযোগ ছিল। পৃথক তথ্যানুসারে যা টানা দ্বিতীয় বছরের মতো অবস্থার অগ্রগতিকে নির্দেশ করে। করোনাভাইরাসসংক্রান্ত সরকারি বিধিনিষেধ অপসারণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির পর বেকারত্ব হারে এ পরিবর্তন সাধিত হয়।
পর্যটন খাতের অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ভর্তুকি কর্মসূচি চালুর মাধ্যমে অর্থবছর শুরু করেছিল জাপান সরকার। এ সম্পর্কে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বরখাস্ত হওয়া লোকের সংখ্যা কমায় বেকারত্বের হারে ক্রমাগত উন্নতি হয়েছে।’
যদিও চাকরির প্রাপ্যতার অনুপাত ২০১৯ অর্থবছরে প্রাক্কলিত প্রাক-মহামারী স্তরের ১ দশমিক ৫৫ পয়েন্টের তুলনায় এখনো কম।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়টি উল্লেখ করে এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের এক্সিকিউটিভ রিসার্চ ফেলো তারো সাইতো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মন্দা জাপানের উৎপাদন খাতের কর্মসংস্থানকে প্রভাবিত করতে পারে। বেকারত্ব হার হ্রাসের ক্রমান্নতি থেমে যাওয়ার লক্ষণ রয়েছে।’
বিনিয়োগবার্তা/এমআর//